দুদকের ৫ কর্মকর্তাকে বদলি, প্রধান কার্যালয়সহ জেলায় নতুন দায়িত্ব
প্রশাসনিক কারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত বুধবার (২৫ মার্চ) দুদকের পরিচালক মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। এই আদেশের মাধ্যমে সংস্থাটির প্রধান কার্যালয় এবং বিভিন্ন জেলা কার্যালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
আদেশের বরাতে জানা গেছে, উপপরিচালক মো. জাহিদ কালামকে রাঙামাটি কার্যালয় থেকে প্রধান কার্যালয়ে এবং একই পদের মো. আবদুল ওয়াদুদকে প্রশাসন শাখা থেকে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৬ শাখায় নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া উপপরিচালক কমলেশ মন্ডলকে রিজার্ভ শাখা থেকে রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে।
অন্যদিকে, উপপরিচালক মাহবুবুল আলমকে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ে এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে রিজার্ভ শাখা থেকে ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। সংস্থার কার্যক্রম আরও গতিশীল করতেই এই সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।

