হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাক

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ২:৪৩ পিএম
হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক হওয়ার ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদানকারী এই বিচারকের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলের ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা জানান, গত ১৭ মার্চ বিচারপতির মোবাইল ফোনে ত্রুটি দেখা দেয় এবং পরের দিন অর্থাৎ ১৮ মার্চ তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যায়। বিষয়টি ২২ মার্চ তার নোটিশ আসার পর তিনি ফোনটি পরীক্ষা করেন এবং দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার অপসারণ করতে সক্ষম হন। তবে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ছাড়া অ্যাকাউন্টগুলো দিয়ে অপকর্ম চালানোর আশঙ্কায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা মনে করেন, বিচারপতি হয়তো অসাবধানতাবশত কোনো প্রতারণামূলক লিংকে ক্লিক করেছেন অথবা অননুমোদিত অ্যাপ ডাউনলোড করেছেন, যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ফোনটি বর্তমানে নিরাপদ করা গেলেও অ্যাকাউন্ট পুনরুদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ও বিটিআরসির সহায়তা প্রয়োজন বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...