মাসুদ উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন, শুনানি ৯ এপ্রিল

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে প্রায় ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া দুর্নীতি মামলায় আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানোর আবেদন জমা পড়েছে। বুধবার (২৫ মার্চ) রাজধানীর একটি আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে এই আবেদন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনউদ্দীন চৌধুরীর আদালতে এ আবেদন দাখিল করেন। পরে আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
এর আগে গত সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন মঙ্গলবার তাকে পল্টন থানার মানব পাচার আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে এখন পর্যন্ত ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।
২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলের এই আলোচিত সেনা কর্মকর্তা ফাইভ এম ইন্টারন্যাশনাল নামক একটি রিক্রুটিং এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। ওই কোম্পানির মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ১১ মার্চ তাকে আসামি করে মামলা করে দুদক।

