হাসিনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলার বিচারকের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাক

২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদানকারী বিচারক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার (২৪ মার্চ) শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
জিডি সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টটি দখল করে নেয় দুর্বৃত্তরা। এর আগে ১৭ মার্চ তার মোবাইল ফোনে ত্রুটি দেখা দিলেও তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি। পরে ২২ মার্চ বিচারক বিষয়টি ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ ও প্রসিকিউটর তানভীর হাসান জোহাকে জানালে তিনি বিচারকের মোবাইল ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যারটি অপসারণ করতে সক্ষম হন।
প্রসিকিউটর জোহা ধারণা করছেন, বিচারক হয়তো অসাবধানতাবশত কোনো প্রতারণামূলক লিংকে ক্লিক করেছিলেন অথবা কোনো অননুমোদিত অ্যাপ ডাউনলোড করেছিলেন, যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও মোবাইল ফোনটি এখন নিরাপদ, তবে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও হ্যাকারদের দখলে রয়েছে। অ্যাকাউন্টগুলো দিয়ে হ্যাকাররা কোনো অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে পারে এমন আশঙ্কায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দিয়ে আইনি সহায়তা চাওয়া হয়েছে।

