শেখ হাসিনার মৃত্যুদণ্ডদাতা বিচারক গোলাম মর্তুজার ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রদানকারী বিচারক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। এ ঘটনায় মঙ্গলবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দাখিল করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ বিচারপতি গোলাম মর্তূজার মোবাইল ফোনে ত্রুটি দেখা দেয়। পরদিন ১৮ মার্চ তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাকারদের দখলে চলে যায়। বিষয়টি নিয়ে ধুম্রজাল তৈরি হলেও ২২ মার্চ তিনি বিষয়টি ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে অবহিত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিচারক হয়তো অসাবধানতাবশত কোনো প্রতারণামূলক লিংকে ক্লিক করেছিলেন অথবা অননুমোদিত কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছিলেন, যার মাধ্যমে হ্যাকাররা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
তানভীর হাসান জোহা জানান, বিচারপতির মোবাইল ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যারটি অপসারণ করা হলেও এখন পর্যন্ত তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। হ্যাকাররা ওই অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম চালানোর চেষ্টা করতে পারে এমন আশঙ্কা থেকে বিটিআরসিকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

