হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া বিচারকের সোশ্যাল মিডিয়া হ্যাক

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ৯:৫০ এএম
হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া বিচারকের সোশ্যাল মিডিয়া হ্যাক

গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ প্রদানকারী বিচারক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। গত ১৮ মার্চ এই সাইবার হামলার ঘটনা ঘটলেও বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে মঙ্গলবার (২৪ মার্চ)। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।

জানা গেছে, গত ১৭ মার্চ হঠাৎ বিচারপতির মোবাইল ফোনে ত্রুটি দেখা দেয়। পরের দিন ১৮ মার্চ দুর্বৃত্তরা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি তিনি বুঝতে পারেননি। ২২ মার্চ বিচারপতি বিষয়টি ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ ও প্রসিকিউটর তানভীর হাসান জোহাকে অবহিত করলে তিনি ফোনটি পরীক্ষা করেন। ফলে স্পাইওয়্যার বা দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার অপসারণ করে মোবাইল ফোনটি বেদখলমুক্ত করা গেলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ এখনও ফিরে পাওয়া যায়নি। এ ছাড়া অ্যাকাউন্টগুলো উদ্ধারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, অসাবধানতাবশত কোনো প্রতারণামূলক লিংকে ক্লিক করা বা অননুমোদিত কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোডের কারণেই এই হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। জিডিতে উল্লেখ করা হয়েছে যে, হ্যাকাররা ওই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যেতে পারে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকিপূর্ণ। বর্তমানে অ্যাকাউন্টগুলো সুরক্ষিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...