ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাক, জিডি ও বিটিআরসিতে চিঠি

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ৯:৩১ এএম
ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাক, জিডি ও বিটিআরসিতে চিঠি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকারদের দখলে চলে গেছে। এ ঘটনায় সাইবার নিরাপত্তায় ফাটল ধরায় এবং অপকর্মের আশঙ্কায় মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।

জানা গেছে, গত ১৭ মার্চ বিচারপতির মোবাইল ফোনে ত্রুটি দেখা দিলেও তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি ধরতে পারেননি। পরের দিন অর্থাৎ ১৮ মার্চ তার সামাজিক যোগাযোগমাধ্যমগুলো হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। বিচারপতি সম্ভবত কোনো প্রতারণামূলক লিংকে ক্লিক করেছিলেন অথবা অননুমোদিত অ্যাপ ডাউনলোড করেছিলেন, যার মাধ্যমে হ্যাকাররা ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরিস্থিতি বুঝতে পেরে ২২ মার্চ তিনি বিষয়টি ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার কাছে তুলে ধরেন।

তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে প্রসিকিউটর জোহা বিচারপতির মোবাইল ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যারগুলো সরিয়ে ফোনটি নিরাপদ করতে সক্ষম হন। তবে এখন পর্যন্ত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। এই আইডিগুলো দিয়ে কেউ অপকর্ম ঘটালে তার দায়ভার আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বর্তাবে না। এ কারণে বিটিআরসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অ্যাকাউন্টগুলো বন্ধ বা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...