বহুমুখী উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত, উত্তরাঞ্চলে শিল্পায়নের পরিকল্পনা

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ৪:৫৮ এএম
বহুমুখী উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত, উত্তরাঞ্চলে শিল্পায়নের পরিকল্পনা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বিশ্বব্যাপী যুদ্ধ ও জ্বালানি সংকটের প্রভাব সত্ত্বেও বাংলাদেশ জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হবে। উত্তর আমেরিকা বা আফ্রিকাসহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে জ্বালানি আমদানির মাধ্যমে এ সংকট মোকাবেলা করা হবে এবং এর অর্থায়নও ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) কুড়িগ্রামের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন।

এর আগে উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূরীকরণে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী সরকারের দুর্বল অর্থনীতির কারণে ঋণের বোঝা বেড়েছে এবং উত্তরাঞ্চল চরম বৈষম্যের শিকার হয়েছে। তবে বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সমতাভিত্তিক উন্নয়ন ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর। এ অঞ্চলের অর্থনীতি সচল করতে আলু, ভুট্টা ও টমেটোর পাশাপাশি দুগ্ধজাত পণ্যের শিল্পায়ন এবং নদী থেকে পাওয়া নুড়িপাথর দিয়ে গ্লাস ফ্যাক্টরি স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

পরিদর্শন শেষে স্থানীয় উদ্যোক্তা ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন। এতে শিল্প বিকাশের বাধা ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। লালমনিরহাট-১ ও ২ আসনের সংসদ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...