রাজধানীর যানজট নিরসনে বড় পরিকল্পনা, বদলে যাচ্ছে ট্রাফিক ব্যবস্থা

প্রাইম বার্তা অনলাইন
২৪ মার্চ ২০২৬ ৮:১৪ পিএম
রাজধানীর যানজট নিরসনে বড় পরিকল্পনা, বদলে যাচ্ছে ট্রাফিক ব্যবস্থা

রাজধানীর চরম যানজট নিরসনে এবার বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিশেষ সভায় ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভায় রাজধানীর যানজট দূরীকরণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কিছু পরিকল্পনার খসড়া তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশিয় প্রযুক্তিতে ঢাকার ১২০টি ট্রাফিক সিগন্যাল অটোমেশন করা। এছাড়াও নতুন বাইপাস সড়ক, ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সিটি বাসগুলোকে জিপিএসের আওতায় আনা হবে এবং রেল ক্রসিংয়ে অটো সিগন্যাল লাইটিং ব্যবস্থা চালু করা হবে।

শহরের ভেতরের যত্রতত্র গড়ে ওঠা বাস কাউন্টার ও ৫টি আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে শহরের বাইরে নেওয়া হবে। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার পাশাপাশি রাস্তার মাঝখানের বৈদ্যুতিক খুঁটি অপসারণ করা হবে। হাসপাতাল এলাকার ফুটওভার ব্রিজগুলোতে দেশিয় প্রযুক্তিতে তৈরি লিফট এবং বড় ব্রিজগুলোতে চলন্ত সিড়ি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা আগামী ৭ এপ্রিলের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের সাথে সমন্বয় রক্ষা করবেন শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও সড়ক পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...