শেখ হাসিনাসহ পলাতকদের দেশে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা

প্রাইম বার্তা অনলাইন
২৪ মার্চ ২০২৬ ৬:৫৩ পিএম
শেখ হাসিনাসহ পলাতকদের দেশে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্যদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রতিবেশী রাষ্ট্রটির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী জানান, নতুন সরকার গঠনের পর গত এক মাসে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার এবং পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। এসব বৈঠকে গত ১৭ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ ও সাজার বিষয়সহ পলাতকদের ফেরত আনার বিষয়টি মৌখিকভাবে তোলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেওয়া হলেও বর্তমান সরকার এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি দেয়নি, তবে বিষয়টি চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানান তিনি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে ঢাকার আগ্রহের কথা জানিয়েছিল বাংলাদেশ। এ প্রসঙ্গে তিনি জানান, জ্বালানি আমদানির বিষয়ে ভারত ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে। এছাড়া শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য কনস্যুলার অ্যাক্সেস পেতে আরও কিছুটা সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি। সরকার তাদের ফেরত এনে বিচার করাকে অগ্রাধিকার হিসেবে দেখছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...