সুশাসন ও গণতন্ত্রে টেকসই পথে ইতিহাসের শিক্ষা জরুরি: তথ্যমন্ত্রী
রাষ্ট্র পরিচালনায় সুশাসন নিশ্চিত করতে ইতিহাস চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিলে কোনো জাতি সঠিক পথে এগিয়ে যেতে পারে না। মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর সিরডাপ কনফারেন্স সেন্টারে ‘ফিরে দেখা সেই সময়’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বইয়ের লেখক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী বলেন, দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়েছে এই গ্রন্থে। তিনি সমালোচনা করে বলেন, দশম নির্বাচনে ১৫১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া এবং একাদশ নির্বাচনে ‘নিশিরাতের ভোট’ হওয়া দেশের গণতন্ত্রের জন্য কলঙ্কজনক। একাদশ নির্বাচনের সময় নিজে প্রায় ৪০ দিন গৃহবন্দি ছিলেন বলেও জানান তিনি।
দ্বাদশ নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিরোধী দল না থাকায় প্রায় ৯০ শতাংশ ভোটার কেন্দ্রে আসেননি। জনবিচ্ছিন্ন নির্বাচন দীর্ঘস্থায়ী হয় না, ৫ আগস্টের গণঅভ্যুত্থান তার প্রমাণ। তরুণ প্রজন্মকে বিতর্কের মাধ্যমে যুক্তিনির্ভর হতে উৎসাহিত করেন তিনি। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে সরকারের চূড়ান্ত অবস্থান এখনও নির্ধারিত হয়নি বলেও জানান তিনি।

