মানবপাচার মামলায় সাবেক এমপি মাসুদ গ্রেফতার, তার বিরুদ্ধে ১১টি মামলা

প্রাইম বার্তা অনলাইন
২৪ মার্চ ২০২৬ ৩:৪৯ পিএম
মানবপাচার মামলায় সাবেক এমপি মাসুদ গ্রেফতার, তার বিরুদ্ধে ১১টি মামলা

রাজধানীর বারিধারা এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার মামলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পল্টন থানায় দায়ের করা ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিবি প্রধান জানান, সোমবার গভীর রাতে বারিধারা থেকে তাকে আটক করা হয়। এরপর তদন্ত শেষে তাকে পল্টন থানার মানবপাচার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এই মামলায় তিনি তিন নম্বর আসামি। গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য পেয়েছে। এর মধ্যে ফেনী জেলায় তিনটি মামলা বিচারাধীন রয়েছে এবং পলাতক থাকায় সেখানে তার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া ফেনীতে আরও তিনটি এবং ডিএমপির পাঁচটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। দুর্নীতি দমন কমিশন ও সিআইডিতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্ত চলছে।

বিস্তারিত বর্ণনায় জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানীর বনানী, পল্টন, কতোয়ালী, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা, মানি লন্ডারিং এবং মানবপাচার প্রতিরোধ আইনে গুরুতর অপরাধের মামলা রয়েছে। সোমবার রাতের এই অভিযানটি তাকে আইনের আওতায় আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে পুলিশ। আদালতে রিমান্ড শুনানি শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...