জ্বালানি সংকট নয়, অতিরিক্ত ক্রয়ই পাম্পে ঘাটতির কারণ: মন্ত্রী
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তবে ক্রেতাদের মধ্যে অতিরিক্ত তেল কেনা ও মজুদ করার প্রবণতা বাড়ার কারণে ফিলিং স্টেশনগুলোতে নির্দিষ্ট সময়ের আগেই জ্বালানি ফুরিয়ে যাচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, তেলের অভাবে কারও গাড়ি কি বন্ধ হয়ে গেছে? মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে ঈদের পর প্রথম কর্মদিবসে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ঈদের সময় কোনো বাস বা যানবাহন জ্বালানির অভাবে বিপাকে পড়েনি। তাই এখন কোনো অসুবিধা নেই বলেই তিনি মনে করেন। তবে মানুষকে অকারণে তেল মজুদ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিশ্ববাজারে গোলমাল থাকায় সবাইকে সাশ্রয়ী হতে হবে। এছাড়া ডিপো থেকে পাম্পে তেল সরবরাহে কিছুটা সময় লাগায় সকালের দিকে অনেক সময় তেল পাওয়া যায় না, পরে তা স্বাভাবিক হয়। তিনি আরও জানান, হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় যে তেল দিয়ে সারাদিন চলত তা মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, দাম বাড়ানোর বিষয়টি তাদের মন্ত্রণালয় দেখে না, এটি এনার্জি কমিশনের এখতিয়ার। তবে সরকার এখনো দাম বায়নি। তিনি আরও বলেন, প্রয়োজনের অতিরিক্ত তেল না কিনলে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে। রেশনিং ব্যবস্থা ফের চালু করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বর্তমানে তা বলা সম্ভব হবে না বলে জানান।

