জনগণের সেবা ও ভালোবাসা অর্জনের আহ্বান কৃষিমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
২৪ মার্চ ২০২৬ ১১:০৫ এএম
জনগণের সেবা ও ভালোবাসা অর্জনের আহ্বান কৃষিমন্ত্রীর

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে মানুষ দীর্ঘ ১৭ বছরের লড়াইয়ের পর বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাই জনগণের প্রতি দায়িত্বশীল হওয়া এবং তাদের সাথে সুন্দর আচরণ করা সবার নৈতিক দায়িত্ব। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরের শাসনামলে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল এবং স্বৈরাচারী আচরণের কারণে তারা বিদ্রোহ করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আসায় জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, জাতীয়তাবাদী দল তাদের কর্মের মাধ্যমে মানুষের মন জয় করবে এবং অতীতের ভুল নীতির সরকারগুলোকে মানুষ ভুলে যাবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মানুষ ভালোবেসে ভোট দিয়েছে, তাই সেই ভোটের যথাযথ মূল্যায়ন করতে হবে। প্রধানমন্ত্রী তাকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় তিনি ঈমানের দায়িত্ব হিসেবে তা পালন করবেন বলে জানান। এ সময় কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...