রাজধানীর বারিধারা থেকে এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
২৪ মার্চ ২০২৬ ৮:০৫ এএম
রাজধানীর বারিধারা থেকে এক-এগারোর আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার

এক-এগারোর অন্যতম কুশীলব ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এই তিন তারকা জেনারেলের বিরুদ্ধে প্রায় পাঁচটি মামলা রয়েছে বলেও জানিয়েছে ডিবি। তবে এখনই সেই মামলাগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করেননি গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।

২০০৭ সালের ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন মাসুদ উদ্দিন। ওই সময় তিনি সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্বরত ছিলেন। পরবর্তীতে ২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পদায়ন করা হয় এবং আওয়ামী লীগ সরকারের আমলেও ২০১১ সাল পর্যন্ত তিনি সেই দায়িত্বে বহাল ছিলেন।

সর্বশেষ ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আলোচিত এই ব্যক্তির রাজনৈতিক ও পেশাগত যাত্রায় এবার এক নতুন মোড় নিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...