গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ১৭ বছরের লড়াইয়ের কথা স্মরণ করলেন কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই অর্জন ধরে রাখতে এবং জনগণের আস্থা অর্জনে দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গত দেড় দশক যারা দেশ পরিচালনা করেছে তাদের শাসনে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছিল। ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে মানুষ বিদ্রোহ করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। তাই এখন জনগণের প্রতি দায়িত্বশীল হওয়া এবং তাদের আস্থা অর্জন করা দলের জন্য অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, সাবেক স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণের এই বিজয় সুসংহত করতে হবে।
হাজী আমিন উর রশিদ বিশ্বাস প্রকাশ করেন যে, জাতীয়তাবাদী দল তাদের কর্ম ও আচরণ দিয়ে মানুষের মন জয় করতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী তাকে যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তা ঈমানের সাথে পালনের প্রত্টয় ব্যক্ত করেন তিনি। এসময় অনুষ্ঠানে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

