কুমিল্লায় কৃষিমন্ত্রী, গণতন্ত্র ফিরেছে ১৭ বছরের সংগ্রামে

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও জনগণের বিদ্রোহের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, এতদিন যারা দেশ পরিচালনা করেছে তাদের শাসনে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল, যা এক গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে। সোমবার সন্ধ্যায় কুমিল্লায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, জনগণ ভোট দিয়ে আমাদের যা দায়িত্ব দিয়েছে তা মূল্যায়ন করতে হবে। সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করে তাদের আস্থা অর্জন করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করা সম্ভব হবে এবং অতীতের স্বৈরাচারী আচরণের কথা মানুষ ভুলে যাবে। এসময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি সেটা ঈমানের সাথে পালন করবেন।
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা।

