গণতন্ত্র ফিরেছে সংগ্রামে, এখন জনগণের সেবাই প্রধান কর্তব্য

প্রাইম বার্তা অনলাইন
২৪ মার্চ ২০২৬ ৩:৩০ এএম
গণতন্ত্র ফিরেছে সংগ্রামে, এখন জনগণের সেবাই প্রধান কর্তব্য

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। জনগণ তাদের ভোটাধিকার ও অধিকার প্রতিষ্ঠায় অতীতের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তিনি বলেন, গত ১৭ বছরের শাসনে মানুষ যে অতিষ্ঠ হয়ে পড়েছিল, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের ক্ষমতায় বসিয়েছে। এই আস্থা রক্ষায় আমাদেরকে জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং তাদের সেবা করতে হবে।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, জাতীয়তাবাদী দল তাদের কর্ম ও আচরণ দিয়ে মানুষের মন জয় করবে। অতীতে যারা স্বৈরাচারী আচরণ করেছে, জনগণ তাদের বিচার করে দিয়েছে। এখন আমাদের দায়িত্ব হলো জনগণকে ভালোবাসা এবং দেশ ও কুমিল্লাকে সুন্দরভাবে গড়ে তোলা।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জনগণ ভালোবেসে আমাদের ভোট দিয়েছে, আমাদের উচিত সেই ভোটের মর্যাদা দেওয়া। প্রধানমন্ত্রী তাকে যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, তিনি ঈমানের দায়িত্ব হিসেবে তা পালন করবেন। এই সময় কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...