কুমিল্লায় কৃষিমন্ত্রী, গণতন্ত্র ফিরেছে মানুষের আস্থা ধরে রাখতে হবে

প্রাইম বার্তা অনলাইন
২৪ মার্চ ২০২৬ ১২:৫১ এএম
কুমিল্লায় কৃষিমন্ত্রী, গণতন্ত্র ফিরেছে মানুষের আস্থা ধরে রাখতে হবে

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে গত ১৭ বছর ধরে সংগ্রাম করেছে দেশের মানুষ। তিনি বলেন, একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের অসন্তোষ থেকেই গণঅভ্যুত্থন ঘটে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই এখন জনগণের সাথে ভালো ব্যবহার করে তাদের আস্থা অর্জন করতে হবে।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জাতীয়তাবাদী দলকে তাদের কর্ম ও আচরণের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। অতীতে রাজনৈতিক সরকারের নামে যে স্বৈরাচার চলেছে, তা থেকে ভিন্ন হতে হবে। দেশ ও জনগণের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীলতা থেকে কাজ করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ ভালোবেসে আমাদের ভোট দিয়েছে, সেই ভোটের মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রী তাকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, তিনি ঈমানের দায়িত্ব হিসেবে সেটা পালন করতে চান। দেশ ও কুমিল্লাকে সুন্দর ও উন্নত করা সবার দায়িত্ব। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ স্থানীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...