জনগণের সেবায় মনোযোগী হওয়ার আহ্বান কৃষিমন্ত্রীর

কুমিল্লায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণআন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, বিগত ১৭ বছর দেশ পরিচালনাকারীদের ওপর মানুষ অতিষ্ঠ ছিল, যা থেকে মুক্তি পেতে জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাই জনগণের এই আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হলে তাদের সাথে ভালো আচরণ করা সবার নৈতিক দায়িত্ব।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অতীতের স্বৈরাচারী আচরণের কারণে মানুষ তাদের ভুলে যাবে এবং জাতীয়তাবাদী দলের কর্ম ও আচরণ দিয়ে মানুষের মন জয় করতে হবে। তিনি আরও বলেন, দেশ ও কুমিল্লাকে সুন্দর ও আধুনিক করে গড়ে তোলা প্রতিটি নাগরিকের কর্তব্য। জনগণ ভালোবেসে ভোট দিয়েছে, আমাদের ওপর তাদের যে আস্থা তার যথাযথ মূল্যায়ন করতে হবে।
প্রধানমন্ত্রী তাকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন উল্লেখ করে হাজী আমিন উর রশিদ বলেন, ঈমানের দায়িত্ব হিসেবে তিনি এই দায়িত্ব পালনে বদ্ধপরিকর। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার শতাধিক নেতাকর্মী।

