জনগণের আস্থা ধরে রাখতে ভালো আচরণের আহ্বান কৃষিমন্ত্রীর

দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, গত দেড় দশকের শাসনামলে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল, যা থেকে মুক্তি পেতে জনগণ বিদ্রোহ করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাই এই আস্থা ধরে রাখতে জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের সঙ্গে সদ্ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। হাজী আমিন উর রশিদ বলেন, জাতীয়তাবাদী দল তাদের কর্ম ও আচরণের মাধ্যমে মানুষের মন জয় করতে সক্ষম হবে। অতীতে সরকারের নামে যে স্বৈরাচার চলেছে, মানুষ তা ভুলে যাবে এবং বিএনপিকে ভালোবাসবে। দেশ ও কুমিল্লাকে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জনগণ ভালোবেসে ভোট দিয়েছে, তাই সেই ভোটের মূল্যায়ন করতে হবে। প্রধানমন্ত্রী তাকে যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, তা ঈমানের সাথে পালন করার চেষ্টা করবেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

