রাডার ফিট করেছি, সরাসরি পথে চলতে হবে: মির্জা ফখরুল

প্রাইম বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৬ ৯:৫১ পিএম
রাডার ফিট করেছি, সরাসরি পথে চলতে হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের রায়পুরে দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ মার্চ) নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, দলের ভেতরে কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সবার ওপর তিনি রাডার ফিট করে রেখেছেন, কে কী করছেন তা তার নজরে আছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, পথ একদম সোজা হতে হবে। একচুল এদিক-ওদিক হলে ক্ষমা করা হবে না, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পাম্প ভাঙচুর বা অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি। তার ভাষ্য, গায়ের জোরে আইনের বাইরে কাজ করলে উচ্ছৃঙ্খল জনতা হিসেবে দমন করা হবে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির ঊর্ধ্বগতির কারণে দেশের সামনে কঠিন সময় আসছে বলেও সতর্ক করেছেন তিনি। তিনি বলেন, তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে। পাশাপাশি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বেহেশতের লোভ দেখিয়ে মানুষকে বোকা বানানো যাবে না, মানুষ ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না।

সরকারের উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষকদের জন্য ফ্যামিলি কার্ডের পরিধি বাড়ানো হচ্ছে। কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে উল্লেখ করে তিনি ২০ হাজার খাল খননের মেগা প্রকল্প দ্রুত শেষ করার আশ্বাস দেন। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...