দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, গুজবে কান দেবেন না: সরকার

প্রাইম বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৬ ৯:৩৮ পিএম
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, গুজবে কান দেবেন না: সরকার

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তি এড়াতে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, ডিজেল, পেট্রোল ও অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি জানান, প্রয়োজনে স্পট মার্কেট থেকে বেশি দামে হলেও তেল কেনা হবে, যাতে সারাদেশে সরবরাহ স্বাভাবিক থাকে এবং কোনো ধরনের সংকট তৈরি না হয়। এরই মধ্যে নতুন করে তেলবাহী জাহাজগুলো দেশে এসে পৌঁছাচ্ছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান বর্তমান মজুদের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল মজুদ রয়েছে। এছাড়া চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আরও প্রায় ১ লাখ টন অপরিশোধিত তেল মজুদ আছে। সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, নতুন কোনো সরবরাহ যোগ না করলেও এই মজুদ দিয়ে আগামী ২০ থেকে ২২ দিন দেশের চাহিদা মেটানো সম্ভব হবে। পাইপলাইনে থাকা জাহাজগুলো নিয়মিত পণ্য নিয়ে বন্দরে ভিড়ছে, ফলে সরবরাহের ধারাবাহিকতায় কোনো বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই।

সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কোনো অসাধু মহল কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাতে পারে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে গুজব বা অপ্রাসঙ্গিক তথ্যের ওপর ভরসা না করার অনুরোধ জানানো হয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং প্রয়োজনের অতিরিক্ত তেল কেনা বা মজুদ করা থেকে সবাইকে বিরত থাকতে বলা হয়েছে। সঠিক তথ্যের জন্য সরকারি আনুষ্ঠানিক ঘোষণার ওপরই সবাইকে আস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...