ফুটপাত-সড়ক দখল করে চলছে ব্যবসা? ১ এপ্রিল থেকে অভিযান
রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরাতে কঠোর অবস্থানে গেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৩ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে অবিলম্বে এসব অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নগরীর বিভিন্ন এলাকায় রেস্তোরাঁ, গ্যারেজ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, কাপড়ের দোকান এবং আসবাবপত্রের শোরুমসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মূল দোকানের বাইরে ফুটপাত ও রাস্তায় ব্যবসা প্রসারিত করেছে। রান্নার হাঁড়ি-পাতিল, গ্রিল, গাড়ির যন্ত্রাংশ এবং প্রদর্শনীর সামগ্রী রাস্তায় রেখে পথচারীদের চলাচলের পথ রুদ্ধ করা হচ্ছে। এমনকি গাড়ি মেরামতের কাজেও ফুটপাত ব্যবহার করা হচ্ছে, যা যানজট ও জনদুর্ভোগের অন্যতম কারণ বলে অভিযোগ পুলিশের।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এসব অবৈধ দখলের কারণে পথচারীদের চলাচলের পাশাপাশি নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। ওই বিজ্ঞপ্তিতে সকল অবৈধ দখলদারকে ফুটপাত ও সড়ক থেকে তাদের মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায়, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড, কারাদণ্ড বা মালামাল বাজেয়াপ্ত করা হবে। নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

