দলের গোলযোগে কঠোর অবস্থান, রাডার সক্রিয় বললেন ফখরুল

ঠাকুরগাঁওয়ের রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে তিনি বলেন, দলের অভ্যন্তরে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। তিনি উপস্থিত নেতাদের উদ্দেশে স্পষ্ট জানিয়ে দেন, সবাইকে সোজা পথে থাকতে হবে, কারণ তিনি সবখানে রাডার বসিয়ে রেখেছেন এবং সবকিছু তার নজরদারিতে রয়েছে।
ক্ষমতায় এসে দলের শৃঙ্খলা ফেরাতে বদ্ধপরিকর বিএনপির এই শীর্ষ নেতা জানান, কেউ বিচ্যুত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, স্লোগান নয় বরং সৎ উপার্জন ও মানুষের সেবার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। সাধারণ মানুষ ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির প্রভাবে সামনে তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার সতর্কবার্তা দিয়েছেন এই মন্ত্রী। তবে পাম্পে হামলা বা অস্থিরতা সৃষ্টি করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কৃষকদের ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডের আওতা বাড়ানোর কথাও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

