দলে গোলমাল বরদাশত নয়, সবাই আমার নজরদারিতে: হুঁশিয়ারি মির্জা ফখরুলের

প্রাইম বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৬ ৮:০৯ পিএম
দলে গোলমাল বরদাশত নয়, সবাই আমার নজরদারিতে: হুঁশিয়ারি মির্জা ফখরুলের

ঠাকুরগাঁওয়ের রায়পুরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ মার্চ) নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি সাফ জানিয়ে দেন, দলের অভ্যন্তরে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অনিয়ম মেনে নেওয়া হবে না। তিনি বলেন, আমি রাডার ফিট করেছি, সব দিকে নজর রাখছি। কে কী করছেন সব জানা আছে।

দীর্ঘ আন্দোলনের পর ক্ষমতায় এসেও নেতাকর্মীদের শৃঙ্খলায় রাখতে বদ্ধপরিকর দলের শীর্ষ নেতৃত্ব। এ সময় মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, পথ থেকে একচুল সরে গেলে ক্ষমা করা হবে না। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদ থেকে অপসারণ ছাড়াও আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা হতে হবে একদম সোজা।

আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে তেল ও নিত্যপণ্যের দাম বাড়তে পারে। এ অবস্থায় অস্থিরতা সৃষ্টি করলে বা আইন হাতে তুলে নিলে কঠোর হস্তে দমন করা হবে। পাশাপাশি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সমালোচনা করেন তিনি।

এ সময় স্থানীয় সরকার ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষকদের ফ্যামিলি কার্ডের আওতা বাড়ানো হচ্ছে এবং ২০ হাজার খাল খননের মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা ও পুলিশ সুপার বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...