দলে শৃঙ্খলা ফেরাতে রাডার সক্রিয়, বিঁধলেন কড়া হুঁশিয়ারিতে

প্রাইম বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৬ ৭:৪৮ পিএম
দলে শৃঙ্খলা ফেরাতে রাডার সক্রিয়, বিঁধলেন কড়া হুঁশিয়ারিতে

ঠাকুরগাঁওয়ের রায়পুরে নেহা নদী পুনঃখনন কর্মসূচিতে যোগ দিয়ে দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ মার্চ) দুপুরে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলের অভ্যন্তরে কোনো ধরনের গোলযোগ বা অনিয়ম মেনে নেওয়া হবে না। সরাসরি পথ থেকে সরে গেলে পদচ্যুতির পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, তিনি রাডার স্থাপন করেছেন এবং সবার ওপর নজর রাখছেন। দলের পথ সোজা রাখতে হবে। কে কী করছে তা তার জানা আছে। যারা এদিক-ওদিক হবে, তাদের প্রতি তিনি কোনো ধরনের নমনীয়তা দেখাবেন না। দীর্ঘ আন্দোলনের পর ক্ষমতায় এসে দলকে সুশৃঙ্খল রাখতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। একইসঙ্গে আসন্ন বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কথাও স্মরণ করিয়ে দেন এই নেতা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দাম বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে পাম্পে হামলা বা নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে। মোব রাজনীতি বরদাশত করা হবে না।

ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সৎ উপায়ে রুজি রোজগারই আল্লাহর সন্তুষ্টি এনে দেয়। এছাড়া কৃষি ঋণ মকুফ, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ডের আওতা বৃদ্ধি এবং ২০ হাজার খাল খনন প্রকল্পের কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা ও পুলিশ সুপার বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...