অগোছালো আচরণ করলেই ব্যবস্থা, সবার ওপর রাডার: মির্জা ফখরুল

প্রাইম বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৬ ৬:৩২ পিএম
অগোছালো আচরণ করলেই ব্যবস্থা, সবার ওপর রাডার: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের রায়পুর ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সোমবার (২৩ মার্চ) সেখানে নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জানান, দলের অভ্যন্তরে কোনো ধরনের গোলমাল বরদাশত করা হবে না। তিনি উপস্থিত নেতাদের উদ্দেশ্যে বলেন, সবাইকে সোজা পথে চলতে হবে, কারণ তিনি সবখানে রাডার ফিট করে রেখেছেন এবং কে কী করছেন তা তিনি দেখছেন।

দীর্ঘদিনের আন্দোলনের পর ক্ষমতায় এসে দলের শৃঙ্খলা ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন দলের শীর্ষ নেতৃত্ব। মির্জা ফখরুল স্পষ্ট জানিয়ে দেন, কেউ যদি একচুলও এদিক-ওদিক হয়, তবে তাকে ক্ষমা করা হবে না। শুধু পদচ্যুত করা হবে এমনটা নয়, আইনি ব্যবস্থাও নেওয়া হবে। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পাম্পে হামলা বা অস্থিরতা সৃষ্টি করলে সেই মব বা উচ্ছৃঙ্খল জনতাকে কঠোর হস্তে দমন করা হবে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির কথা উল্লেখ করে তিনি দেশবাসীকে কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তেলের দাম বাড়লে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়বে বলে মনে করেন তিনি। এছাড়া ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করারও পরামর্শ দেন এই নেতা। সরকারের উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি জানান, কৃষি ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি ২০ হাজার খাল খননের মেগা প্রকল্প দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...