জনগণের সঙ্গে ক্ষমতার দাপট দেখাবেন না: গণপূর্তমন্ত্রী
কুমিল্লার বরুড়ায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে কেউ ক্ষমতার দাপট বা আধিপত্য দেখাবেন না। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর এমন আচরণ করা যাবে না যাতে মানুষ ভুল সিদ্ধান্তের জন্য বিএনপিকে দায়ী করে। দল বা ধর্ম নির্বিশেষে সবার জন্য কাজ করার পাশাপাশি কোনো অন্যায়ের সাথে জড়িত না হওয়ার আহ্বান জানান তিনি।
রোববার সন্ধ্যায় বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে পরিবর্তন করতে চান এবং মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। যদিও আমরা ভঙ্গুর অর্থনীতি এবং কঠিন সময় পার করছি, তবুও ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
বরুড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাকারিয়া তাহের সুমন বলেন, তিনি শুধু দলের এমপি নয়, বরং এলাকার উন্নয়নে সবার প্রতিনিধি হিসেবে কাজ করতে চান। তিনি ইতিমধ্যে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট মেরামতের কাজ শুরু করেছেন বলে জানান। এছাড়া সামাজিক ছোটখাটো সমস্যা স্থানীয়ভাবে মীমাংসার জন্য এলাকার মুরুব্বিদের প্রতি আহ্বান জানান তিনি।
বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, ওসি আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার ও সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

