ঠাকুরগাঁওয়ে ফখরুলের হুঁশিয়ারি, রাডারে নজর সবার ওপর

প্রাইম বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৬ ৫:৪৪ পিএম
ঠাকুরগাঁওয়ে ফখরুলের হুঁশিয়ারি, রাডারে নজর সবার ওপর

ঠাকুরগাঁওয়ের রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনর্খননের উদ্বোধন শেষে সোমবার দুপুরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলের ভেতরে কোনো ধরনের গোলমাল বা অনিয়ম মেনে নেওয়া হবে না। ফখরুল বলেন, সবাইকে সোজা পথে চলতে হবে এবং তিনি সবখানে নজরদারি রাখছেন।

ক্ষমতায় আসার পরও দলের অভ্যন্তরে শৃঙ্খলা ফেরাতে জোর দিচ্ছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, এক চুলও বিচ্যুতি হলে ক্ষমা করা হবে না। পদ চলে যাবে, পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির সংকটের কথা তুলে ধরে তিনি জানান, আসন্ন দিনগুলো কঠিন হবে। তেলের দাম বৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের খরচ বাড়বে, যার প্রভাব সবাইকে মোকাবিলা করতে হবে। তবে এই সংকটের নামে কেউ যেন আইন হাতে তুলে বা পাম্প ভাঙচুর করে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও তিনি সতর্ক করেন।

ধর্মকে রাজনীতির হাতিয়ার বানাতেও রাজি নন বিএনপি মহাসচিব। তিনি বলেন, কেউ যেন ধর্মের অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত না করে। এ সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষি ঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ডের আওতা বাড়ানোর কথা উল্লেখ করেন তিনি। এ ছাড়া ২০ হাজার খাল খননের মেগা প্রকল্পও দ্রুত শেষ করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা ও পুলিশ সুপার বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...