তাপমাত্রার লুকোচুরি: বৃষ্টিতে ফিরল শীত, ফের বাড়ছে গরম

প্রাইম বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৬ ১২:২৫ পিএম
তাপমাত্রার লুকোচুরি: বৃষ্টিতে ফিরল শীত, ফের বাড়ছে গরম

দেশে গত দুই দিনের টানা বৃষ্টিপাতের পর হঠাৎ করেই ফিরে এসেছে শীতের আমেজ। তাপমাত্রার এই হঠাৎ পতনে মাত্র কয়েকদিন আগে ওয়ার্ডরোবে তুলে রাখা শীতের পোশাক আবারও বের করতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ। গত শুক্রবার বৃষ্টির প্রভাবে ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গত বৃহস্পতিবার দেশের বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও শুক্রবার বৃষ্টির কারণে তা অনেকটাই কমে যায়। রাজধানী ঢাকায় বৃহস্পতিবার যেখানে তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, শনিবার তা নেমে আসে ২৫ দশমিক ৭ ডিগ্রিতে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নরসিংদীতে ২৯ দশমিক ৩ ডিগ্রি। তবে রোববার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে; কক্সবাজারের টেকনাফে রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, বৃষ্টির প্রভাবে তাপমাত্রা হঠাৎ কমে গিয়ে শীতের পরিবেশ তৈরি হয়েছিল। রোববার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং এটি আপাতত বাড়তেই থাকবে। তবে সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী শনিবার উত্তরের জেলাগুলোতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...