শহীদ ওসমান হাদি হত্যা: আসামিদের ফেরত আনার আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের

শহীদ ওসমান হাদি হত্যা মামলার পলাতক আসামিদের ভারতের পশ্চিমবঙ্গে আরও ১৪ দিনের হেফাজতে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। সম্প্রতি ওই আসামিদের প্রথম রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে সেখানে দ্বিতীয় দফায় তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ পরিস্থিতিতে বিচার প্রক্রিয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে সংগঠনটি জাতির সামনে ৬ দফা দাবি উপস্থাপন করেছে।
আসামিদের আগামী ১৫ দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি কোনো অনুরোধ নয়, বরং জনগণের পক্ষ থেকে সরাসরি আল্টিমেটাম। এছাড়া হত্যাকাণ্ডের মূল হোতাদের আড়াল করার যেকোনো চক্রান্ত রুখতে উচ্চ পর্যায়ের একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।
আসামিরা কীভাবে সীমান্ত পার হয়ে ভারতে গেল এবং এতে দেশীয় কোনো গোয়েন্দা সংস্থা বা প্রভাবশালী মহলের সহায়তা ছিল কিনা তা দ্রুত অনুসন্ধানের দাবি করেছে তারা। ভারতের জটিল ইউএপিএ আইনে বিচার দীর্ঘসূত্রিত হওয়ার আশঙ্কায় একটি বিশেষ আইনি সেল গঠন এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে ওপেন ট্রায়াল বা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার দাবিও তাদের। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এসব বাস্তবায়নের রোডম্যাপ না দিলে সারা দেশে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

