বৃষ্টির পর হঠাৎ তাপমাত্রা হ্রাস, শীতের পোশাকে ফিরলেন নগরবাসী
গত দুই দিনের টানা বৃষ্টিপাতের পর দেশে আবারও ফিরে এসেছে শীতের আমেজ। শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পায়। ফলে আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনে আগেই সরিয়ে রাখা শীতের পোশাক আবারও বের করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দেশের বেশিরভাগ স্থানে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও বৃষ্টির পর তা কমে যায়। রাজধানী ঢাকায় বৃহস্পতিবার ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও শনিবার তা নেমে আসে ২৫ দশমিক ৭ ডিগ্রিতে। শনিবার সারাদেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে (২৯ দশমিক ৩) এবং রোববার টেকনাফে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, বৃষ্টির প্রভাবেই তাপমাত্রা হঠাৎ কমে এসেছে, যা শীতের অনুভূতি জাগিয়ে তুলেছে। তবে রোববার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে এবং এই প্রবণতা অব্যাহত থাকবে। এদিকে সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

