সৃষ্টি হবে ১০ লাখ চাকরির সুযোগ, জনগণকে ভালো রাখা লক্ষ্য: মাহবুব আনাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান দায়িত্ব। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ও শান্তিতে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে সরকার ইতিমধ্যে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। রোববার (২২ মার্চ) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বারিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর থেকেই সরকার তাদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই ভোটারদের হাতে পরিবার কার্ড পৌঁছে দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে একে একে সব প্রতিশ্রুতি পূরণ করা হবে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনার কথাও জানান তিনি। বিদেশি বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে বিপুল সংখ্যক যুবকের কর্মসংস্থান হবে।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ একটি স্বস্তিদায়ক পরিবেশে ঈদ উদযাপন করতে পেরেছে। গত ১৭ বছরের শাসনে মানুষ যে দুর্ভোগে ছিল, বর্তমানে তা আর নেই। জনগণের আস্থা অর্জন করে সরকার তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। একই সাথে তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোনো ধরনের শালিস বাণিজ্য বা দখলবাজি মেনে নেওয়া হবে না। দেশকে শান্তিপূর্ণ রাখতে দলীয় নেতাকর্মী এবং প্রশাসনের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন তিনি।
নুরন্নবী শিহাবের সভাপতিত্বে এই পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান ও মধুপুর থানার ওসি জাফর ইকবাল।

