জনকল্যাণে সরকার বদ্ধপরিকর, আইটিতে ১০ লাখ চাকরির পরিকল্পনা

টাঙ্গাইলের মধুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, দেশের মানুষের কল্যাণ ও তাদের সুখ-শান্তি নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার রক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।
রোববার (২২ মার্চ) মধুপুর উপজেলার আম্বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, ভোটের পরপরই সাধারণ মানুষ পরিবার কার্ড পেতে শুরু করেছে এবং পর্যায়ক্রমে স্বাস্থ্য কার্ডও দেওয়া হবে। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ এখন শান্তিতে ঈদ উদযাপন করতে পারছে, যা বর্তমান সরকারের সুশাসনের ফল।
তথ্যপ্রযুক্তি খাতকে শক্তিশালী করতে ১০ লাখ তরুণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনার কথা জানান মন্ত্রী। এ লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এছাড়া এলাকায় কোনো ধরনের দখলবাজি বা শালিস বাণিজ্য যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে সবাইকে নির্দেশ দেন এবং দেশকে শান্তিময় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এসো মিলি প্রাণের মেলায়, ফিরে যাবো স্মৃতির ভেলায় স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী কমিটির আহ্বায়ক নুরন্নবী শিহাব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

