আসামিদের দেশে ফেরাতে ইনকিলাব মঞ্চের ১৫ দিনের আল্টিমেটাম

প্রাইম বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৬ ১২:৪৩ এএম
আসামিদের দেশে ফেরাতে ইনকিলাব মঞ্চের ১৫ দিনের আল্টিমেটাম

শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় রিমান্ডে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের নীরবতার সমালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার আল্টিমেটাম দিয়েছে এই রাজনৈতিক সংগঠনটি। ভারতীয় আদালত আজ আসামিদের আরও ১৪ দিনের হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেও এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছে না তারা।

সংগঠনটি ছয় দফা দাবিতে বলেছে, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। একইসাথে আসামিরা কীভাবে সীমান্ত অতিক্রম করেছিল এবং এতে গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত আছে কিনা তা দ্রুত তদন্ত করে জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হয়েছে। ভারতের ইউএপিএ আইনের জটিলতায় বিচার যেন দীর্ঘায়িত না হয়, সেজন্য একটি বিশেষ আইনি সেল গঠন এবং বিচারকাজের স্বচ্ছতা নিশ্চিতে ওপেন ট্রায়াল সিস্টেম চালুর দাবিও তুলেছে তারা।

ইনকিলাব মঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, আসামি গ্রেফতারের সময় সরকার যেমন তা নিজেদের সাফল্য দাবি করেছিল, এখন তেমনি তাদের দেশে ফিরিয়ে আনার দায়িত্বও। এটি কোনো অনুরোধ নয়, বরং জনগণের পক্ষ থেকে সরাসরি আল্টিমেটাম বলে জানিয়েছে সংগঠনটি। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের ফেরত আনার বিষয়ে রোডম্যাপ বা দৃশ্যমান অগ্রগতি না দেখা গেলে ঢাকাসহ সারাদেশে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...