মাহবুব আনাম: জনগণের সেবাই বিএনপির মূল প্রতিশ্রুতি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের সুখ-শান্তিতে রাখাই বিএনপি সরকারের অগ্রাধিকার। সরকারের সব পদক্ষেপই জনগণের উন্নয়ন ও ভোগান্তি লাঘবের লক্ষ্যে গ্রহণ করা হচ্ছে।
রোববার (২২ মার্চ) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসায় তাদের সেবা করাই সরকারের মূল দায়িত্ব। এ জন্য নির্বাচনী ইশতেহারের ওপর ভিত্তি করে কাজ করা হচ্ছে। তিনি জানান, ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে স্বাস্থ্য কার্ডও দেওয়া হবে।
বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বিদেশি বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগে আগ্রহী করতে কাজ করছেন তারা। ফকির মাহবুব আনাম স্বপন বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের শাসনে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছে। বর্তমানে দেশে শান্তি ফিরেছে এবং মানুষ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পেরেছে।
এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সালিস বাণিজ্য বা দখলবাজির মতো অপকর্ম বন্ধে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। এ সময় অনুষ্ঠানের সভাপতি নুরন্নবী শিহাবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

