রেলমন্ত্রীকে ফোন করে কাঁদলেন এমপি, বললেন ১০০ বছর ধরে ঘটছে
কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেনের ধাক্কায় ১২ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও আবেগ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সিঙ্গাপুর থেকে রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে তিনি অঝোরে কাঁদেন এবং ওই এলাকায় শতাধিক বছর ধরে দুর্ঘটনা ঘটলেও সমাধানের অভাবের কথা তুলে ধরেন। রোববার সকালে এই কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ফোনালাপের ভিডিওতে দেখা যায়, আবেগাপ্লুত হয়ে সাংসদ মনিরুল হক চৌধুরী বলেন, গত ১০০ বছর ধরে এখানে এ ঘটনা ঘটছে কিন্তু কেউ বিচার করে না। তিনি অভিযোগ করেন, বেগম খালেদা জিয়া পদুয়ার বাজার ব্যারিকেডের জন্য টাকা দিয়েছিলেন, যা আওয়ামী লীগ আমলে লুট করে খাওয়া হয়েছে। এছাড়াও সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জন্য ৭৫০ কোটি টাকা বরাদ্দ দিলেও তা শেষ করা সম্ভব হয়নি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকলেও অ্যাপয়েন্টমেন্ট শেষে দ্রুত দেশে ফিরবেন বলে জানান তিনি। অপর প্রান্ত থেকে রেলমন্ত্রী ঘটনাস্থলে যাওয়ার আশ্বাস দেন।
রোববার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সঙ্গে মামুন পরিবহণের বাসের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ট্রেনটি বাসকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। দীর্ঘদিন ধরে এই রেলক্রসিংয়ে প্রাণহানির ঘটনা ঘটলেও স্থায়ী সমাধান না হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে, যার প্রতিফলন ঘটেছে সাংসদের এই আবেগঘন প্রতিক্রিয়ায়।

