দুবাইয়ের ভুয়া ভিডিও মামলায়, ১৪ দিন পর জেল হেফাজতে ফয়সাল

প্রাইম বার্তা অনলাইন
২২ মার্চ ২০২৬ ৭:৪৯ পিএম
দুবাইয়ের ভুয়া ভিডিও মামলায়, ১৪ দিন পর জেল হেফাজতে ফয়সাল

ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে জেল হেফাজতে পাঠিয়েছে ভারতের বিধাননগর আদালত। রোববার সকালে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে ও তার সহযোগী আলমগীর হোসেনকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। একইসঙ্গে কারাগারে তাদের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে জানানো হয়েছে।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকরা ফয়সালের দুবাইয়ে থাকার দাবি এবং ভারত থেকে দুবাইয়ের বলে ভুয়া ভিডিও বানানোর বিষয়টি নিয়ে প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর দেননি। পালানোর কারণ সম্পর্কেও তিনি নীরব ছিলেন। তদন্তকারী সংস্থার দাবি, রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে এবং এই হত্যাকাণ্ডের পেছনে আরও বড় কোনো নেটওয়ার্ক রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

গত ৮ মার্চ বনগাঁ সীমান্ত থেকে তাদের গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। এর আগে গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারের সময় হামলার শিকার হন ওসমান হাদি। পরে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। বর্তমানে সীমান্ত পারাপারের রহস্য ও সম্ভাব্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...