জনগণের কল্যাণেই সরকারের সব পদক্ষেপ: মাহবুব আনাম স্বপন

প্রাইম বার্তা অনলাইন
২২ মার্চ ২০২৬ ৪:৫৪ পিএম
জনগণের কল্যাণেই সরকারের সব পদক্ষেপ: মাহবুব আনাম স্বপন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, দেশের মানুষকে সুখে শান্তিতে রাখা এবং তাদের উন্নয়নে কাজ করাই বর্তমান সরকারের প্রধান দায়িত্ব ও অঙ্গীকার। তিনি বলেন, জনগণের স্বার্থে সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কোনো আপস করা হবে না।

রোববার (২২ মার্চ) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, ভোটের পরপরই জনগণ ফ্যামিলি কার্ড পেয়েছেন এবং ধাপে ধাপে স্বাস্থ্য কার্ডও প্রদান করা হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা ইশতেহারের আওতায় একে একে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। এছাড়াও তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানান তিনি।

দেশের বর্তমান শান্তিপূর্ণ পরিবেশের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর একটি দলের শাসনামলে মানুষ স্বস্তিতে ছিল না, এখন তারা ঈদ ও অন্যান্য উৎসব শান্তিতে পালন করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, এলাকায় কোনো ধরনের শালিস বাণিজ্য বা দখলবাজি সহ্য করা হবে না। প্রশাসন, পুলিশ ও সর্বস্তরের জনগণকে দেশকে শান্তিময় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...