ধানমন্ডিতে জনসমুদ্র, ৭ কোটি বাঙালির ঐক্যের ঘোষণা বঙ্গবন্ধুর

১৯৭১ সালের ২২শে মার্চ স্বাধীনতা আন্দোলনের এক উত্তাল দিনে ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনের সামনে লাখো মানুষের ঢল নামে। জয় বাংলা স্লোগানে মুখর এই জনসমুদ্রের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দেন, সাত কোটি বাঙালি যখন ঐক্যবদ্ধ হয়েছে, তখন তিনি দাবি আদায় না করে বাড়ি ফিরবেন না। তিনি স্পষ্ট জানান, ২৩ বছর ধরে নির্যাতিত হওয়ার পর আর মার খেতে রাজি নন, প্রয়োজনে আরও রক্ত দেবেন কিন্তু বাংলার অধিকার আদায় করবেন।
এই জনসংযোগের মধ্যেই পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার ঘোষণা দেন। এর আগে রাষ্ট্রপতি ভবনে বঙ্গবন্ধু ও জুলফিকার আলী ভুট্টোর মধ্যে একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বঙ্গবন্ধু সাংবাদিকদের জানান, তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না। অপরদিকে ভুট্টো দাবি করেন, প্রেসিডেন্ট ও আওয়ামী লীগ সভাপতির মধ্যে যেকোনো সমঝোতা পিপলস পার্টির অনুমোদন ছাড়া বাস্তবায়িত হতে পারবে না।
ওই দিন রাজধানীর বায়তুল মোকাররম ময়দানে সাবেক বাঙালি সৈনিকরা কুচকাওয়াজ ও সমাবেশ করেন। তারা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জনে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন। পত্রিকাগুলো ‘বাংলার স্বাধিকার’ শিরোনামে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। পরের দিনের পত্রিকাগুলোতে উল্লেখ করা হয়, একদিনে এত বিশাল মিছিল ৩২ নম্বরে আগে কখনও আসেনি।

