রাজশাহীতে ঈদের নামাজে ভূমিমন্ত্রী মিনু, দেশ রক্ষার আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৬ ৮:৫৩ পিএম
রাজশাহীতে ঈদের নামাজে ভূমিমন্ত্রী মিনু, দেশ রক্ষার আহ্বান

রাজশাহী নগরীর ঐতিহাসিক হযরত শাহ মখদুম (রহ.) মাজার সংলগ্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে কাতারবদ্ধ হয়ে নামাজ শেষে তিনি দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রী মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, মাতৃভূমি ও দেশকে রক্ষা করে সবাইকে এগিয়ে যেতে হবে।

গত শনিবার (২১ মার্চ) সারাদেশের ন্যায় রাজশাহীতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপিত হয়। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে এবার শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে দরগা মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় প্রথম এবং পৌনে ৯টায় দ্বিতীয় জামাতে অংশ নেন মুসল্লিরা। নামাজ শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই ঈদ জামাতে দীর্ঘ ১৭ বছর পর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, যা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এছাড়াও বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে নগরীর জিন্নাহনগর জামে মসজিদে ঈদের প্রথম জামাতে অংশ নেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। তিনি বলেন, রোজার শিক্ষা ধারণ করে হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়তে কাজ করতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...