ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সামর্থ্যবানদের আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৬ ৫:৩১ পিএম
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সামর্থ্যবানদের আহ্বান

চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আত্মশুদ্ধি ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। তিনি বলেন, রোজার মাধ্যমে অর্জিত আত্মসংযম এবং ত্যাগের মাধ্যমে মানুষ যে শিক্ষা পায়, ঈদের মাধ্যমে তার পূর্ণতা লাভ করে। শনিবার (২১ মার্চ) সকালে হাটহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ডের মীরের খীল গ্রামে নিজ বাড়িতে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় মীর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাতে অংশগ্রহণ করেন তিনি। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। নামাজের পর প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, এই দিনে অহংকার ও পাশবিক প্রবৃত্তি পরিহার করে সমাজের সব শ্রেণীর মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, যাদের সামর্থ্য আছে তাদের উচিত এগিয়ে এসে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া।

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি মহান আল্লাহর কাছে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। পরে প্রতিমন্ত্রী উপস্থিত নেতাকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গ এবং মুসল্লিদের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও তিনি মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে গিয়ে প্রয়াতদের রূহের মাগফেরাত কামনা করে জিয়ারত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...