রোহিঙ্গা প্রত্যাবাসন ও বৈশ্বিক অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৬ ৪:৩৬ পিএম

রোহিঙ্গা সংকট সমাধানে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ এবং এটি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চলমান একটি ইস্যু বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অত্যন্ত জরুরি। শনিবার কক্সবাজারের পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সংস্থাকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং প্রয়োজনীয় তদন্ত ও কার্যক্রমে অংশ নিতে হবে। একইসাথে বৈশ্বিক প্রতারণা বা ফ্রড প্রতিরোধেও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির কারণে প্রতারণা এখন আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যা এককভাবে কোনো দেশের পক্ষে মোকাবিলা করা কঠিন। এ জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে গ্লোবাল সামিট অন ফ্রড-এর মাধ্যমে বিশ্বজুড়ে সমন্বিত কৌশল প্রণয়নের প্রয়োজন রয়েছে।

এদিকে, নিজ নির্বাচনী এলাকা পেকুয়ায় ঈদের নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল সাড়ে ৯টায় মসজিদে নামাজের পর স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং উপজেলা মাঠ পরিদর্শন করে সংস্কারের নির্দেশ দেন। পরে সকাল ১০টায় তিনি মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে পিতা-মাতার কবর জিয়ারত করেন ও সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...