ঈদের জামাতে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের আকুতি, শুভেচ্ছায় মুখর ঈদগাহ

প্রাইম বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৬ ১:৪০ পিএম
ঈদের জামাতে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের আকুতি, শুভেচ্ছায় মুখর ঈদগাহ

গত শনিবার (২১ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক বিশ্বজুড়ে চলমান সংঘাত ও ইরান যুদ্ধ বন্ধের জন্য বিশেষ মোনাজাত করেন। এ সময় তিনি সৃষ্টিকর্তার কাছে বিশ্বশান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

খুতবায় মুফতি আবদুল মালেক বলেন, হে আল্লাহ, বিশ্বের ফিতনা-ফাসাদ থেকে মানুষকে হেফাজত করুন এবং যুদ্ধ-বিগ্রহ থেকে নিরাপত্তা দান করুন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়, তাতে ইতিমধ্যেই প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। খতিব যুদ্ধবিধ্বস্ত মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য এবং তাদের পাশে দাঁড়ানোর তৌফিক প্রার্থনা করেন। এছাড়া তিনি সবার পাপমুক্তি ও ইবাদত কবুলেরও দোয়া করেন।

নামাজ ও মোনাজাত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ভিভিআইপি নিরাপত্তা বেষ্টনীর বাইররে জড়ো হওয়া লোকজনের কাছে গিয়ে তাদের সাথে করমর্দন করেন। উপস্থিত মুসুল্লিরা ‘ঈদ মোবারক’ ধ্বনি দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পরে তিনি দক্ষিণ দিক থেকে উত্তর দিক দিয়ে ঈদগাহ মাঠ ত্যাগ করেন। এ সময় তার নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...