প্রতিমন্ত্রীর উদ্যোগে দুই ঘণ্টায় নতুন ভ্যান পেলেন বোদার বৃদ্ধ

পঞ্চগড়ের বোদা উপজেলায় জীবিকার একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যান চুরি হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছিলেন বৃদ্ধ মোজাফফর আলী। ঈদের আগে এই খবর পেয়ে ওই বৃদ্ধের পাশে দাঁড়ালেন পানিসম্পদ উপমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মাত্র দুই ঘণ্টার মধ্যেই তিনি মোজাফফর আলীর হাতে একটি সম্পূর্ণ নতুন ভ্যান তুলে দেন এবং ঈদের উপহারও পৌঁছে দেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঈদ উপলক্ষে বোদা উপজেলায় অবস্থানকালে প্রতিমন্ত্রী সেহরির সময় ৭৪ বছর বয়সী এই ভ্যানচালকের বিপদের কথা জানতে পান। পরে সকালেই তিনি মোজাফফর আলীর বাড়িতে ছুটে যান এবং চুরি যাওয়া ভ্যানটি উদ্ধারে পুলিশকে নির্দেশ দেন। তিনি ওই বৃদ্ধকে আশ্বস্ত করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ভ্যান ফিরে না পাওয়া গেলে তিনি ব্যক্তিগতভাবে নতুন ভ্যান কিনে দেবেন।
তবে বৃদ্ধের কষ্ট দেখে অপেক্ষা করতে রাজি হননি প্রতিমন্ত্রী। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে তিনি একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান কিনে মোজাফফর আলীর বাড়িতে পৌঁছে দেন। এ সময় তিনি ওই পরিবারের হাতে সেমাই, চাল, ডাল, শাড়ি-লুঙ্গি এবং নগদ অর্থও তুলে দেন। ফরহাদ হোসেন বলেন, সমাজের বিত্তবানদের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত, এতে সমাজে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত মোজাফফর আলী প্রতিমন্ত্রীর কপালে হাত দিয়ে দোয়া করেন এবং তাকে নিজের গাড়িতে তুলে এলাকার একটি পথ ঘুরিয়ে আনেন।

