বৃদ্ধের কষ্টের কথা শুনে দুই ঘণ্টায় নতুন ভ্যান উপহার দিলেন মন্ত্রী
পঞ্চগড়ের বোদা উপজেলায় জীবিকার একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যান চুরি হয়ে যাওয়ায় মানবেতর জীবন যাপন করছিলেন ৭৪ বছর বয়সী মোজাফফর আলী। এই বৃদ্ধের কষ্টের কথা শুনে তার পাশে দাঁড়ালেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মাত্র দুই ঘণ্টার মধ্যেই তিনি বৃদ্ধের হাতে তুলে দিলেন একটি সম্পূর্ণ নতুন ব্যাটারিচালিত ভ্যান।
ঈদ উপলক্ষে বোদায় অবস্থানকালে সেহরির সময় প্রতিমন্ত্রী ওই ভ্যানচালকের দুর্দশার কথা জানতে পান। খবর পেয়েই সকালে তিনি ছুটে যান মোজাফফর আলীর বাড়িতে। সেখানে গিয়ে তিনি বৃদ্ধকে নগদ টাকা ও শাড়ি-লুঙ্গি উপহার দেন। এ সময় তিনি বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ চুরি হওয়া ভ্যানটি উদ্ধার করতে না পারলে তিনি নিজে নতুন ভ্যান কিনে দেবেন।
তবে বৃদ্ধের দুশ্চিন্তা দূর করতে চেয়েছিলেন আরও দ্রুত। প্রতিমন্ত্রী মাত্র দুই ঘণ্টার মধ্যেই একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান কিনে মোজাফফরকে উপহার দেন। এ ছাড়াও তাকে সেমাই, চাল, ডাল ও নগদ অর্থ দিয়ে ঈদের আনন্দ ভাগ করেন। ফরহাদ হোসেন বলেন, সমাজে কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো সবার কর্তব্য।
নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ মোজাফফর আলী। তিনি প্রতিমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করেন এবং তাকে নিজের নতুন ভ্যানে তুলে কিছুদূর ঘুরিয়েও আনেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।

