বোদায় চুরি যাওয়া ভ্যানের বদলে দুই ঘণ্টায় নতুন ভ্যান দিলেন প্রতিমন্ত্রী

পঞ্চগড়ের বোদা উপজেলায় জীবিকার একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যান চুরি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছিলেন ৭৪ বছর বয়সী মোজাফফর আলী। ওই বৃদ্ধের কষ্টের কথা শুনে তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়ান পানিসম্পদ উপমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে তিনি ওই বৃদ্ধের হাতে একটি নতুন ভ্যান তুলে দেন এবং ঈদের উপহারও প্রদান করেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ উপলক্ষে এলাকায় অবস্থানকালে সেহরির সময় এই ঘটনা জানতে পারেন প্রতিমন্ত্রী। পরে সকালেই তিনি মোজাফফর আলীর বাড়িতে যান। সেখানে তিনি ওই বৃদ্ধকে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি উপহার দেন। এ সময় ফরহাদ হোসেন আজাদ বলেন, ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ চুরি যাওয়া ভ্যানটি উদ্ধার করতে না পারলে তাকে নতুন ভ্যান কিনে দেওয়া হবে।
তবে ওই সময়ের অপেক্ষা করতে হয়নি। বৃদ্ধের দুশ্চিন্তা লাঘবে মাত্র দুই ঘণ্টার মধ্যেই একটি সম্পূর্ণ নতুন ব্যাটারিচালিত ভ্যান কিনে দেন তিনি। এছাড়াও সেমাই, চাল, ডাল ও নগদ টাকাসহ ঈদের উপহারের প্যাকেজ তুলে দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সমাজের কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো সবার কর্তব্য। এতে সমাজে ভ্রাতৃত্ববোধ ও শান্তি প্রতিষ্ঠিত হবে।
নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত মোজাফফর আলী প্রতিমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করেন। তিনি খুশির আবেগে প্রতিমন্ত্রীকে তার নতুন ভ্যানে তুলে এলাকার কিছুদূর ঘুরিয়েও আনেন।

