কুমিল্লায় ঈদ করবেন দুই মন্ত্রীসহ ৭ এমপি, নেতাকর্মীদের উৎসব

প্রাইম বার্তা অনলাইন
২০ মার্চ ২০২৬ ৬:৩৯ পিএম
কুমিল্লায় ঈদ করবেন দুই মন্ত্রীসহ ৭ এমপি, নেতাকর্মীদের উৎসব

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার জেলার দুই মন্ত্রী ও সাতজন সংসদ সদস্য (এমপি) নিজ নির্বাচনি এলাকায় ঈদের নামাজ আদায় করবেন। জনপ্রতিনিধিদের এলাকায় ফেরা উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক খুশি ও উদ্দীপনা।

জানা গেছে, কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাধারণ মুসল্লিদের সাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং কুমিল্লা-১ আসনের এমপি ড. খন্দকার মোশাররফ হোসেন নিজ নিজ এলাকায় ঈদের জামাতে অংশ নেবেন। এছাড়া অধ্যক্ষ সেলিম ভূঁইয়া (কুমিল্লা-২), হাসনাত আব্দুল্লাহ (কুমিল্লা-৪), জসীমউদ্দীন (কুমিল্লা-৫), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), আবুল কালাম (কুমিল্লা-৯) ও মোবাশ্বের আলম ভূঁইয়া (কুমিল্লা-১০) তাদের নির্বাচনি এলাকার বিভিন্ন ঈদগাহ মাঠে নামাজ আদায় করে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

অপরদিকে, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ প্রধানমন্ত্রীর সাথে ঢাকায় এবং বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও ঢাকায় ঈদ উদযাপন করবেন। কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী পারিবারিক কারণে সিঙ্গাপুরে অবস্থান করছেন। জনপ্রতিনিধিরা ঈদের নামাজের পর এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...