দ্বিপাক্ষিক স্বার্থে জয়শঙ্করের সঙ্গে বৈঠক বাংলাদেশি হাইকমিশনারের

প্রাইম বার্তা অনলাইন
২০ মার্চ ২০২৬ ৫:৪১ পিএম
দ্বিপাক্ষিক স্বার্থে জয়শঙ্করের সঙ্গে বৈঠক বাংলাদেশি হাইকমিশনারের

দ্বিপাক্ষিক স্বার্থ এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ। শুক্রবার সকালে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দুই পক্ষই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সাক্ষাতের কথা জানিয়েছেন। এস জয়শঙ্কর জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও কোন পথে এগিয়ে যাবে, সে বিষয়টিই ছিল আলোচনার মূল উপজীব্য। অপরদিকে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফল নিশ্চিত করতে ভারতের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে তারা একমত।

গত বছরের মে মাস থেকে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াজ হামিদুল্লাহ। দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথমবারের মতো তিনি ভারতের মন্ত্রী পর্যায়ের কোনো দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন। এর আগে গত আগস্টে তিনি দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ৮ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংক্ষিপ্ত সফরে দিল্লি আসতে পারেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে তিনি এই সফর করতে পারেন বলে সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...